ভেড়ামারায় যানজট নিরসনে প্রশাসনের সাঁড়াশি অভিযান: সর্বস্তরের জনগণকে নিয়ে ইউএনও ও ওসির বিশেষ বৈঠক
মনোয়ার হোসেন মারুফ : কুষ্টিয়ার ভেড়ামারা পৌর এলাকায় দীর্ঘদিনের তীব্র যানজট ও ফুটপাত দখলের কারণে সৃষ্ট জনদুর্ভোগ লাঘবে এক অনন্য ও কঠোর উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগ। সাধারণ পথচারী ও এলাকাবাসীর চরম দুরাবস্থা দূর করতে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ভেড়ামারা পৌরসভা মিলনায়তনে সর্বস্তরের মানুষকে নিয়ে এক জরুরি ও সমন্বিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌরসভা প্রশাসক মো. আমিরুল আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান। সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক এবং পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং শহরের ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের সাথে একাত্মতা প্রকাশ করেন।
বৈঠক শেষে ইউএনও মো. আমিরুল আরাফাত এবং ওসি মোহাম্মদ জাহেদুর রহমান সরাসরি মাঠে নেমে ভেড়ামারা শহরের প্রধান প্রধান সড়ক, মোড় এবং রেলবাজার এলাকা পরিদর্শন করেন। বিশেষ করে শহরের সিএনজি স্ট্যান্ড, অটো স্ট্যান্ড এবং দূরপাল্লার কোচ স্ট্যান্ডগুলো সরেজমিনে তদারকি করেন তাঁরা। কর্মকর্তারা লক্ষ্য করেন, স্ট্যান্ডগুলোতে সুনির্দিষ্ট লাইন বা শৃঙ্খলা না মেনে গাড়িগুলো এলোমেলোভাবে মূল সড়কের ওপর ছড়িয়ে রাখা হয়, যা শহরের কৃত্রিম যানজটের প্রধান কারণ। তাৎক্ষণিকভাবে প্রশাসনের পক্ষ থেকে চালক ও লাইনম্যানদের উদ্দেশ্যে কঠোর দিকনির্দেশনা প্রদান করা হয়। নির্দেশনায় বলা হয়, সড়কের পিচঢালা মূল অংশ ছেড়ে দূরপাল্লার কোচ এবং অটোরিকশাগুলোকে নির্ধারিত সীমানার ভেতরে সুশৃঙ্খলভাবে পার্কিং করতে হবে। যত্রতত্র যাত্রী ওঠানামা বা জটলা সৃষ্টি করা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়। একই সাথে ফুটপাত দখলকারী ব্যবসায়ীদের অবিলম্বে তাঁদের মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়, অন্যথায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও রেকারিংয়ের মাধ্যমে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
মাঠ পর্যায়ের এই বিশেষ তদারকি ও সচেতনতামূলক কার্যক্রমে প্রশাসনের সাথে আরও উপস্থিত ছিলেন ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম মান্নান, সিনিয়র সাংবাদিক রেজাউল করিম, ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এস আল হোসাইন সোহাগ, ভেড়ামারা উপজেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল হাই আল হাদী এবং অটো রিক্সা মালিক সমিতির অন্যতম নেতা সুমন মেকারসহ এলাকার সাধারণ ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয় সচেতন মহল ও সাধারণ পথচারীরা প্রশাসনের এই স্বতঃস্ফূর্ত ও যৌথ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। সর্বস্তরের মানুষের সহযোগিতা ও পুলিশের সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে ভেড়ামারা শহর দ্রুতই একটি পরিচ্ছন্ন, নিরাপদ এবং যানজটমুক্ত আধুনিক শহরে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন